ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
নাগরিক অভিযোগ

পটিয়ায় পুলিশ পরিচয়ে টাকা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

পটিয়ায় পুলিশ পরিচয়ে টাকা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় পুলিশ পরিচয়ে এক লাখ টাকা দাবি করে না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনার চার দিন পর বুধবার ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০ নভেম্বর রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গৈড়লা এলাকার কৃষ্ণের চায়ের দোকানের সামনে একটি পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা জাহাঙ্গীরকে মারধর করতে করতে বসতঘর থেকে টাকা এনে দিতে বলেন এবং তাঁর শার্টের পকেটে থাকা ৪ হাজার ২০০ টাকা নিয়ে যান। তারা তাঁকে প্রাণে হত্যা করে লাশ গুম এবং বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকিও দেন। পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, যিনি অভিযোগ করেছেন, তাকে নিয়ে মাদকের বিষয়কে কেন্দ্র করে এলাকাবাসীর একটি সালিশি বৈঠক হয়েছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারাই ওই বৈঠকের আয়োজন করেছিলেন। মূলত এ বিষয়টি নিয়েই বিরোধের সূত্রপাত। তিনি আরও বলেন, পুলিশ পরিচয়ে কেউ অপরাধ করে থাকলে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আহমদ মিয়া মাস্টারের বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে এবং পেশায় জমি কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত। ঘটনার দিন রাতে তিনি তার পরিচিত বরুন (৫৩) ও মো. বেলাল (২৮)-কে সঙ্গে নিয়ে গৈড়লা এলাকার একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরেন এবং পরে পুকুরপাড়ে বসে গল্প করছিলেন। অভিযোগে তিনি বলেন, অভিযুক্তরা ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিজের অনুসারী হওয়ায় ভয়ে তিনি এত দিন মুখ খোলেননি।