ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
নাগরিক অভিযোগ

খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ১৬ দিনের ব্যবধানে আবার কালি

খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ১৬ দিনের ব্যবধানে আবার কালি
নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালি লেপে দেওয়া হয়েছে। রোববার সকালে স্থানীয় লোকজনের নজরে আসে বিষয়টি। এর আগে একই প্রতিকৃতিতে কালি লাগানোর পর নতুন করে আঁকা হয়েছিল; সেই ঘটনার ১৬ দিনের মাথায় দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়সহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা আছে। এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির মাঝখানে থাকা রবীন্দ্রনাথের শুধু মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে; খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আঁকা দেয়ালের অন্য গ্রাফিতিগুলো অক্ষত রয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, সম্ভবত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আগেরবার প্রতিকৃতিতে কালি লাগানোর ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, পুলিশ নিজেদের মতো করে বিষয়টি খতিয়ে দেখেছে। আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। এর আগে ৬ নভেম্বর রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে কালি লাগানো এবং পাশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনামের দুটি পোস্টার দেখতে পান স্থানীয় লোকজন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরদিন ৭ নভেম্বর খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করে কালি লেপন ও বিরূপ বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর নিন্দা জানান। পরে তাঁর উদ্যোগে শিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি নতুন করে আঁকেন। ওই সময় নজরুল ইসলাম মঞ্জু বলেছিলেন, একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেয়ালচিত্রগুলো অক্ষত রাখতে পুলিশি টহল জোরদার করা হবে বলেও জানান তিনি। ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন দেয়ালচিত্র আঁকা হয়। এর বাইরে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গেলে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করে পুলিশ। খুলনার সর্বশেষ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।