নয় বছর পর খালাস পেয়েও ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাননি ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক: গুমের শিকার হয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় থাকার পর কারাগারে ৮০৮ দিন কাটানো এবং প্রায় নয় বছরের আইনি লড়াই শেষে সব অভিযোগ থেকে খালাস পেয়েছেন ইলিয়াস আহমেদ। তবে আদালতের রায় ও গুমসংক্রান্ত কমিশনে অভিযোগ গৃহীত হওয়ার পরও তিনি রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা বা পুনর্বাসন পাননি।
নথি ও ইলিয়াসের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ এপ্রিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামে তার জন্ম। বাবার নাম আমির আলী। একটি পোশাক কারখানার মানবসম্পদ বিভাগে চাকরির সুবাদে গাজীপুরে থাকার সময় ২০১৭ সালের ৪ মার্চ তাকে গাজীপুরের বাংলা বাজার থেকে তুলে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় রাখা হয়। ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের মামলায় ৮০৮ দিন কারাভোগ করেন তিনি। ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।
আইনি লড়াই চলতে থাকার মধ্যে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে তার অভিযোগ যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে। স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, তালিকায় ক্রমিক ৩৯১ এবং নিবন্ধন নম্বর ১৮৩৪। অবশেষে চলতি বছরের ২৬ এপ্রিল বিচারিক আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন।
ইলিয়াস আহমেদ বলেন, আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও আমার অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া নয়টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? তিনি জানান, গুম ও কারাবাসের কারণে তার শিক্ষাজীবন ও কর্মজীবনের স্বপ্ন নষ্ট হয়েছে, দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে পরিবারও আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছে। আদালতে খালাস পাওয়ার পরও স্বাভাবিক জীবনে ফিরতে রাষ্ট্রীয় সহায়তা না পাওয়ার বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং হারানো সময় ও জীবনের ক্ষতি পুষিয়ে নিতে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।