ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস

সেশনজট: ২০২৭ সালের মধ্যে শূন্যে নামানোর লক্ষ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের

সেশনজট: ২০২৭ সালের মধ্যে শূন্যে নামানোর লক্ষ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ২০২৭ সালের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, "সেশনজট জাদুঘরে চলে যাবে।" লিখিত তথ্যে জানানো হয়, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার সময় প্রতিটি পর্যায়ে দুই থেকে তিন বছরের বেশি সেশনজট ছিল। ইতিমধ্যে এক বছর সেশনজট কমিয়ে আনা সম্ভব হয়েছে। সেশনজট কমিয়ে আনতে একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, পরীক্ষা ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, মূল্যায়ন প্রক্রিয়া আধুনিক করা ও প্রশাসনিক সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে লিখিত তথ্যে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লিখিতভাবে এসব তথ্য দেওয়া হয়। সংবাদ সম্মেলনটি আগামী শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনের তথ্য জানাতে আয়োজন করা হয়। সম্মিলনটি রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।