মহসিন কলেজে ছাত্রশক্তি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা খেলাফত ছাত্র মজলিসের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কলেজ শাখার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদের সদস্য মুহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ ও মুহাম্মদ দিদারুল ইসলাম যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে। নেতৃবৃন্দ অভিযোগটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখারও দাবি জানান। তারা বলেন, “শিক্ষাঙ্গনে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, ছাত্রশিবিরের পরিচিত কিছু নেতাকর্মী নিজেদের সাংগঠনিক পরিচয় গোপন করে হামলায় অংশ নিয়েছেন। এ বিষয়ে খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ বলেন, “অভিযোগটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি।” তারা আরও বলেন, “কোনো সংগঠনের পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাব যেন অপরাধের দায় থেকে মুক্তি পাওয়ার হাতিয়ার হয়ে না ওঠে।”
জানা গেছে, হামলার সময় নেতাকর্মীরা ক্যাম্পাস পরিদর্শন ও কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আহত নেতাকর্মীদের সুচিকিৎসা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং ঘটনায় জাতীয় ছাত্রশক্তির প্রতি সংহতি প্রকাশ করেন।