ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস

মহিলা শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ব্যাংক হিসাব খুলতে হবে

মহিলা শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ব্যাংক হিসাব খুলতে হবে
অনলাইন ডেস্ক: দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে সর্বজনীনভাবে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ১৮ নভেম্বরের নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা বলা হয়েছে। ছাত্রদের ক্ষেত্রে অবশ্য আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে। নতুন ব্যবস্থায় সরকারি উপবৃত্তির অর্থ জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থী অথবা তার অভিভাবকের হিসাবে পাঠানো হবে। এ জন্য শিক্ষার্থী বা অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে। যেসব ছাত্রী ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে অথবা যাদের নাম কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না, কেবল তাদেরই প্রয়োজনীয় হিসাব খুলতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে আলাদা শর্ত নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণ করা যাবে। আবেদনে মা-বাবার মধ্যে যাঁকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং ওই ব্যক্তির নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ সিম নিবন্ধন ও মোবাইল ব্যাংকিং হিসাবের মালিকানার তথ্যের মধ্যে মিল থাকতে হবে। উদাহরণ হিসেবে নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর আবেদনে বাবাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হলে বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই সিম নিবন্ধন এবং তাঁর নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি ফরম যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না। উপবৃত্তি কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমাধানের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় সহায়তার জন্য mis.hsp@pmeat.gov.bd ই-মেইল ঠিকানা ব্যবহার করা যাবে। উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করার পাশাপাশি উপবৃত্তি-সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।