পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি দুই সংগঠনের

অনলাইন ডেস্ক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য মজুরি বোর্ডে প্রস্তাবিত ও ঘোষিত মজুরি বর্তমান বাজারমূল্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এবং শ্রমিক পরিবারের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছে শ্রমিক সংগঠনগুলো। এই পরিস্থিতিতে প্রস্তাবিত মজুরি প্রত্যাখ্যান করে প্রবেশপর্যায়ের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তাসলিম এ দাবি জানান। একই দিন গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক আতিকুর রহমান এক বিবৃতিতে একই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, বর্তমান বাজারদরে এই মজুরি দিয়ে একজন শ্রমিকের নিজের এবং চার-পাঁচ সদস্যের পরিবারের ন্যূনতম জীবনধারণ করাও অসম্ভব।
সংগঠন দুটি প্রস্তাবিত মজুরিকে ‘দেশের মেহনতি শ্রমজীবী মানুষের সঙ্গে এক ধরনের নিষ্ঠুর তামাশা’ বলে উল্লেখ করে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা অবিলম্বে প্রস্তাবিত মজুরি সংশোধন করে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ন্যায্য ও জীবনধারণ উপযোগী মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছে।