ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্য

ব্যাংক খাতে সংস্কারে ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণে অগ্রগতির আশা

ব্যাংক খাতে সংস্কারে ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণে অগ্রগতির আশা
অনলাইন ডেস্ক: খেলাপি ঋণের বোঝা ও আর্থিক সূচকের অবনতিতে বিপাকে পড়া ব্যাংক খাতের গ্রাহক ও সাধারণ আমানতকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের ফলে এই অবস্থার সৃষ্টি হয়নি; বরং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের গুণগত মানের অবনতির প্রতিফলন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদমান পর্যালোচনা (একিউআর) পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। চলমান সংস্কার কার্যক্রমের ফলে আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও প্রয়োজনে ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন করা হয়েছে। দুর্বল ব্যাংকগুলোর জন্য ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা নেওয়া হয়েছে, যা আগামী চার বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পুনর্গঠন পরিকল্পনায় পুনর্মূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হিসেবে আমানত সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নীতিগত ও কাঠামোগত সংস্কারের কথা জানানো হয়েছে। সংস্কার পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যাংক খাত আরো স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে এবং আর্থিক খাতে মানুষের আস্থা বাড়বে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।