হরমুজ প্রণালি: ইরানের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি, যুক্তরাষ্ট্রের অবরোধ ভাঙার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইসমাইল কাওসারি দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশল ও সক্ষমতার মাধ্যমে এই অবরোধ ভাঙা হবে।
কাওসারি সতর্ক করেছেন, ইরানের বিরুদ্ধে হামলায় কোনো আঞ্চলিক দেশ বা ইউরোপীয় রাষ্ট্র সহায়তা করলে তার পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, "যে দেশই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সক্ষমতা ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে, তাকে এর পরিণতির দায় নিতে হবে।" তিনি আরও জানান, "ইরানে হামলার জন্য ইউরোপীয় আকাশসীমা ব্যবহার করা হলে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার জবাব না দিয়ে ছাড়বে না।"
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাওসারি এসব কথা বলেন। তিনি বলেন, অঞ্চলটি থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ সরে যাওয়ার কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত করলে প্রতিবেশী দেশগুলোকেও বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হবে বলে তিনি সতর্ক করেন।
কাওসারি জানান, ১৯৮৭ সাল থেকেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে আসছে তেহরান। তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি কোনো বিদেশি সামরিক বাহিনীকে নিজ ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর সুযোগ না দেওয়ার আহ্বান জানান।