তামিলনাড়ুতে সরকারি কর্মচারীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিবাহিত সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয় এবং সরকারি বিজ্ঞপ্তিতে পুরুষ কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তের কথা বলা হয়।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্তান জন্মের আগের ১৫ দিনের মধ্যে অথবা জন্মের ছয় মাসের মধ্যে এ ছুটি নেওয়া যাবে। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, "সন্তান জন্মের আশপাশের সময় মা ও শিশু—উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেয়া এবং নবজাতকের যত্ন নেয়ার ক্ষেত্রে বাবার অংশগ্রহণ অপরিহার্য।"
কেন্দ্রীয় সরকারের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির মেয়াদের সঙ্গে সামঞ্জস্য রেখে তামিলনাড়ুতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৯৭ সাল থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মীরা ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন; পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের পর এটি চালু হয়। উল্লেখ্য, তামিলনাড়ু পিতৃত্বকালীন ছুটি চালু করা ভারতের প্রথম রাজ্য নয়; ২০১১ সালে ওডিশায় ১৫ দিনের ছুটি চালু হয়। এছাড়া পশ্চিমবঙ্গে যোগ্য পুরুষ কর্মীরা পিতৃত্বকালীন ও শিশুযত্ন মিলিয়ে ৩০ দিনের ছুটি পান; কেরালায় সর্বোচ্চ ১০ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। মধ্যপ্রদেশে ২০২৬ সালের জানুয়ারি থেকে সংশোধিত বিধিমালা অনুযায়ী ১৫ দিনের ছুটি কার্যকর হবে এবং আসামে ২০২৬ সালের সেপ্টেম্বরে ১৪ দিনের ছুটি চালু হবে। নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বিবাহিত পুরুষ সরকারি কর্মচারীরা নির্ধারিত সময়ের মধ্যে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির আবেদন করতে পারবেন।