অনন্ত জলিলের পাশে ওমর সানী, বললেন আস্থার কথা

অনলাইন ডেস্ক: ব্যাংকঋণ নিয়ে আলোচনার মধ্যে চিত্রনায়ক অনন্ত জলিলের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ওমর সানী। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে এক ভিডিও বার্তায় তিনি এ অবস্থান প্রকাশ করেন।
পোশাকশিল্পের নামি ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল সম্প্রতি একটি ব্যাংকে ২২৬ কোটি টাকার বেশি ঋণ থাকার বিষয়টি নিয়ে আলোচনায় আসেন। এ নিয়ে নেটদুনিয়ায় নানা কানাঘুষা এবং তাঁকে নিয়ে ‘দেউলিয়া’ হওয়ার গুঞ্জন ছড়ায়। এর আগে ইন্ডাস্ট্রির সহকর্মীরাও তাঁর পাশে দাঁড়ান।
ভিডিও বার্তায় অনন্ত জলিলকে ‘ভালো মনের মানুষ’ ও ‘ভালো ফাইটার’ উল্লেখ করে ওমর সানী বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, তাকে দেখেছি। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটি তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’ সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে ধরনের কথাবার্তা উঠছে, আমার মনে হয় অনন্ত জলিলের জন্য বিষয়টি সামলে নেওয়া কঠিন হবে না। তাঁর ওপর আমার আত্মবিশ্বাস আছে। এত আলোচনা করে তাঁকে ছোট করার কোনো অর্থ দেখি না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই।’
অনন্তর উদ্দেশে ওমর সানী বলেন, ‘হয়তো এ ধরনের গসিপ না হলে আরও ভালো হতো। যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব। অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’ এ সময় নিজের রেস্তোরাঁ ব্যবসা নিয়ে চলা সমালোচনার প্রসঙ্গও তোলেন বর্তমানে অভিনয়ে অনিয়মিত এই চিত্রনায়ক। তিনি জানান, ব্যবসা নিয়েও অনেকে সমালোচনা করেন, তবে সেগুলোতে কান না দিয়ে তিনি নিজের মতো কাজ করে যাওয়াকেই প্রাধান্য দেন।
সূত্র: Daily Amar Desh