ধর্মমন্ত্রী বলেছেন, হজের বিমান ভাড়া কমানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজযাত্রীদের সুবিধার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান হজের বিমান ভাড়া কমিয়েছেন। বৃহস্পতিবার এ মাহফিলে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছার ফলে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহফিলটি মধুপুর মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে এবং মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমীর পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলে সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ বিশিষ্ট আলেমরা বয়ান পেশ করেন। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।