চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সমাবেশ: গণভোটের রায় বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে পৌরপার্কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
সমাবেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার জনগণকে পাশে পাবে না।” তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে পাঁয়তারা করছেন, তা কখনোই বাস্তবায়িত হবে না বলেও বলেন। পাশাপাশি গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য অচিরেই বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মিজানুর রহমান। সমাবেশে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে পৌরপার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি মোড়ে শেষ হয়।