ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন, তদন্তে পুলিশ

চট্টগ্রামে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে একটি পুলিশ বক্স ও একটি ভূমি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে হালিশহর থানা এলাকার বড়পোল পুলিশ বক্সে এবং বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসে এই আগুন দেওয়া হয়। ঘটনার সময় দুই স্থানেই কেউ ছিলেন না। পুলিশ জানিয়েছে, বড়পোল পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন ধরানোর চেষ্টা করা হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ অন্যদিকে, উত্তর কাট্টলী ভূমি অফিসের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পুলিশ তালা ভেঙে ফটক খুলে দেওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। পাহাড়তলী থানার ওসি নুরুল আবসার বলেন, ‘ভূমি অফিসের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পুলিশ তালা ভেঙে ফটক খুলে দেওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান।’ ভূমি অফিসের ভবনের সীমানাপ্রাচীর টপকে সহজেই ভেতরে প্রবেশ করা যায় এবং ঘটনার সময় নিরাপত্তাকর্মী বাইরে খেতে গিয়েছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় ভূমি অফিসের একটি কক্ষের ক্ষতি হয়েছে। চট্টগ্রাম নগরে এর আগেও একাধিক পুলিশ বক্সে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নতুন এই ঘটনাগুলোতে ক্ষয়ক্ষতি সীমিত হলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।