শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
খেলা

আয়নার সামনে সবচেয়ে বেশি সময় কাটান কোন ক্রিকেটার? যার নাম বললেন অভিষেক

শেয়ার Facebook X LinkedIn WhatsApp Telegram Email
আয়নার সামনে সবচেয়ে বেশি সময় কাটান কোন ক্রিকেটার? যার নাম বললেন অভিষেক

নয়াদিল্লিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল ‘কোহ-ই-জাফর’ (জয়ের পাহাড়) অনুষ্ঠান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) আয়োজনে এই অনুষ্ঠানে এক ছাদের নিচে মিলিত হয়েছিলেন ভারত ও আফগানিস্তানের ক্রিকেটার এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

‘কোহ-ই-জাফর’ অনুষ্ঠানে ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে মঞ্চে ছিলেন অভিষেক শর্মা ও ঈশান কিষান। আফগানিস্তানের হয়ে ছিলেন ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব। আড্ডার ফাঁকে ক্রিকেটারদের নিয়ে নানা মজার প্রশ্ন করা হয়।

এরই এক পর্যায়ে অভিষেককে প্রশ্ন করা হয়, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আয়নার সামনে সবচেয়ে বেশি সময় কে কাটান? মজার ছলে ভারতীয় কোনো ক্রিকেটারের নাম না নিয়ে সাবেক সানরাইজার্স হায়দরাবাদ সতীর্থ ও আফগান পেসার ফজলহক ফারুকির নাম বলেন তিনি।

অভিষেক বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের ব্যাপারে নিশ্চিত নই। তবে আফগানিস্তানের খেলোয়াড়দের মধ্যে আমার মনে হয় ফজলহক ফারুকিই সবচেয়ে বেশি সময় আয়নার সামনে কাটায়। নিজেকে আয়নায় দেখতে তার বেশ সময় লাগে। ওকে অভিনন্দন, সম্প্রতি আবার বিয়ে করেছে।’

এরপর অবশ্য ভারতীয় দলের একজনের নামও জানান অভিষেক। তার মতে, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আয়নার সামনে সবচেয়ে বেশি সময় কাটান শিভাম দুবে।

অনুষ্ঠানে ঈশান কিষানকে ভারতীয় ক্রিকেটের ‘সবচেয়ে বড় প্র্যাঙ্কস্টার’ হিসেবে আখ্যা দেন শ্রেয়াস ও অভিষেক। তবে মজার ছলে ঈশানও ছাড় দেননি সতীর্থদের। পাল্টা প্রশ্নে তিনি আঙুল তোলেন লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের দিকে।

অনুষ্ঠানে আফগানিস্তানের ক্রিকেটীয় অগ্রযাত্রার প্রতীক হিসেবে প্রদর্শন করা হয় আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ট্রফিও। আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা এপিএলের নতুন মৌসুম। এবারের আসরে অংশ নেবে পাঁচটি দল। এ ছাড়া অনুষ্ঠানে উন্মোচন করা হয় ‘সুজুকি কাপ ইন্ডিয়া-জাপান’ ট্রফি।

শেয়ার Facebook X LinkedIn WhatsApp Telegram Email