সাফ ফাইনালে আজ ভারত-পাকিস্তান লড়াই

ক্রীড়া ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। স্বাগতিক বাংলাদেশ সেমিফাইনালেই বিদায় নেওয়ায় গ্যালারিতে দেশের দর্শকের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও মাঠের লড়াইয়ে ইতিহাসের অপেক্ষা রয়েছে।
পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ। ফলে ফাইনাল ঘিরে দেশের দর্শকদের মাঝে আগের মতো উত্তেজনা নেই। এর আগে সেমিফাইনালকে ঘিরে জাতীয় স্টেডিয়ামে টিকিটের চাহিদা ছিল আকাশচুম্বী, গ্যালারিও ছিল লোকে লোকারণ্য।
সাফের ইতিহাসে ১৫টি আসরের মধ্যে ১৪তম ফাইনাল খেলছে ভারত। ৯ বারের চ্যাম্পিয়ন তারা। সর্বশেষ ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জিতেছে ভারতীয় দল। এবার তাদের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। অন্যদিকে এই প্রথম সাফের ফাইনালে খেলছে পাকিস্তান। আগে দুবার সেমিফাইনালে খেলাই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য।
সব প্রতিযোগিতা মিলিয়ে দুদল ৩০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ভারতের জয় ১৭টি, পাকিস্তানের ৪টি, বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছে। ফলে পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে ভারত। এখন দেখার বিষয়, ভারতের দশম ও হ্যাটট্রিক শিরোপা নাকি পাকিস্তানের ইতিহাস গড়ার দিন।
সূত্র: Daily Amar Desh