নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ নারী দল

ক্রীড়া ডেস্ক: আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। সোমবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে সোবহানা মোস্তারির দল। জবাবে ২ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ডাচ নারীরা।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১০ রানে সাথী রানীর উইকেট হারায় তারা। শারমিন ১৯ ও অধিনায়ক নিগার ২০ রান করেন। একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করেন দিলারা আক্তার, যিনি ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫১ রান করে আউট হন। শেষদিকে স্বর্ণা আক্তারের ১৩ বলে ১৯ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। নেদারল্যান্ডসের হয়ে ২১ রান দিয়ে ৪টি উইকেট নেন হিদার সিজার্স।
জবাবে ব্যাট করতে নেমে ২৮ রানে প্রথম ২ উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর স্টেরে ক্যালিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। ৫০ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। শেষদিকে ফ্রেডরিক ওভারডাইক অপরাজিত ১২ রান করে তার যোগ্য সঙ্গ দেন। দুজনের ব্যাটিংয়ে ১৯.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন রাবেয়া খান।
এর আগে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় তুলে নেয় সোবহানা মোস্তারির দল। তবে পরের ম্যাচেই আবারও ছন্দপতন হলো, নেদারল্যান্ডসের কাছে হারের ফলে টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান আরও কঠিন হয়ে পড়ল।
সূত্র: Daily Amar Desh, Dhaka Tribune Bangla