ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
খেলা

শ্রাবণের ভুল থ্রোয়েই থামল বাংলাদেশের ফাইনাল স্বপ্ন, পাকিস্তান প্রথমবার সাফ ফাইনালে

শ্রাবণের ভুল থ্রোয়েই থামল বাংলাদেশের ফাইনাল স্বপ্ন, পাকিস্তান প্রথমবার সাফ ফাইনালে
ক্রীড়া ডেস্ক: ক্রীড়া ডেস্ক: ৮৫ মিনিট পর্যন্ত ফাইনালের টিকিট হাতের নাগালেই ছিল বাংলাদেশের। ৮৬ মিনিটে গোলকিপার মেহেদি হাসান শ্রাবণের একটি ভুল থ্রো থেকে গোল হজম করে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে পারল না দল। পাকিস্তান ইতিহাসে প্রথমবারের মতো সাফ ফাইনালে উঠল, আর ২১ বছরের অপেক্ষা আরও লম্বা হলো বাংলাদেশের। ভরা গ্যালারি আর হাতের নাগালে থাকা ফাইনালের টিকিট—সবকিছুই ৮৫ মিনিট পর্যন্ত সুতোর ওপর দুলছিল। গত শনিবার রাতে মাঠে ও ডাগআউটে সামর্থ্যের লড়াইয়ে বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক এগিয়ে ছিল। পাকিস্তান কোচ নোলবের্তো সোলানো দলকে খেলিয়েছেন ৫-৩-২, কখনো ৫-৪-১ ছকে। মাঝমাঠে মিড-লো ব্লক গেড়ে বাংলাদেশের আক্রমণ বারবার ফিরিয়ে দিয়েছেন তাঁরা। পরিশ্রমী প্রেসিং ফুটবলের সামনে বাংলাদেশ দলকে মনে হয়েছে পরিকল্পনাবিহীন। পাকিস্তানের এই দলকে নিয়ে বাংলাদেশের পক্ষে কোনো হোমওয়ার্ক ছিল কি না, সেই প্রশ্নও উঠছে। ইউরোপ থেকে আসা পাকিস্তানের পাঁচ খেলোয়াড় এই ম্যাচের গতিপথ বদলে দেন। সুইডেনের আবদুল্লাহ ইকবাল, আজারবাইজানের ঈসা সুলিমান, গ্রিসের আদিল নবী, ডেনমার্কের আবদুস সামাদ ও আলী আকবর খান। বাংলাদেশের লিগে খেলা পাকিস্তানিদের মধ্যে জায়গা ধরে রাখেন কেবল আলী উজাইর। রক্ষণের কেন্দ্রে ইকবালের শক্তি ও মান বাংলাদেশের আক্রমণকে বারবার ফিরিয়ে দিয়েছে। বল ছেড়ে দিয়ে জায়গা কেড়ে নেওয়া, নিজ সীমান্তে প্রথম সুযোগেই বল ক্লিয়ার করা এবং পাল্টা আক্রমণে যাওয়ার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল পাকিস্তান। গোলটাও এল ঠিক সেই পথে। প্রতিপক্ষের পায়ে বল, আর সঙ্গে সঙ্গে ছোবল। ডিফেন্ডার দাঁড়ানো সত্ত্বেও যে অবস্থান থেকে জোরালো প্লেসমেন্ট শটে আব্দুল আরশাদ গোল করেন, তা করতে সামর্থ্য লাগে। পরিসংখ্যান বলছে, ম্যাচে বাংলাদেশের বল দখল ছিল ৬২ থেকে ৬৪ শতাংশ। তবে টার্গেট শটে এগিয়ে ছিল পাকিস্তান। প্রথমার্ধে রাকিব হোসেনের শট পোস্টে লেগে ফিরলে ভাগ্য খানিক বিরূপ ছিল ঠিকই, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে এই হার ঢাকা যাবে না। কোচ টমাস ডুলির বড় ভুলের হিসাব মিলিয়ে সাতটি। ব্লক ভাঙার কোনো পরিকল্পনা ছিল না। মাঝমাঠে বল পেয়েও হামজা চৌধুরী ও সামিত সোম প্রতিপক্ষের সীমান্তে ফাঁক তৈরি করতে পারেননি। দ্রুত ওয়ান-টু নেই, দিক বদল নেই, পেছন থেকে উঠে আসা দৌড় নেই, বক্সের বাইরে কোনো চমক নেই। আক্রমণে একঘেয়েমি ছিল স্পষ্ট। বক্সের সামনে এসে বারবার একই ধরনের চেষ্টা হয়েছে। শারীরিকভাবে শক্ত ও দীর্ঘাকায় পাকিস্তানিদের রক্ষণ ভাঙতে বৈচিত্র্য লাগে, ম্যাচে সেটা অনুপস্থিত। উইং থেকে অনুভূমিক লাইনে সাফল্য না এলে পথ বদলে উল্লম্ব আক্রমণের পথ বেছে নিতে হয়, কোচ ডুলির পরিকল্পনায় সেটা মেলেনি। বেঞ্চ থেকেও কোনো উত্তর আসেনি। গোল না এলে ডাগআউটের এক-দুটি সাহসী সিদ্ধান্তে ম্যাচ ঘুরে যায়, এদিন ম্যাচের চেহারা বদলানোর মতো কিছু চোখে পড়েনি। প্রথম ৪৫ মিনিটে গোল হয়নি, দ্বিতীয়ার্ধে আরও তেজি হয়ে গোলের জন্য ঝাঁপানো উচিত ছিল। কিন্তু যত সময় গড়িয়েছে, খেলা থেকে বাংলাদেশের তেজ যেন হারিয়ে গেছে। দ্বিতীয় মিনিটে সামিতের ভুল পাস থেকেই পাকিস্তানের প্রথম বিপজ্জনক আক্রমণ আসে, যা জানিয়ে দেয় তারা স্রেফ অংশগ্রহণ করতে আসেনি, জিততেই এসেছে। মাঝমাঠে হামজা ও সামিত দুজনেই এই ম্যাচে ছিলেন অফকালার। গোলশূন্য নকআউট ম্যাচের শেষ দিকে সবাই একটু বাড়তি সতর্ক থাকে, সেই সময়ের ম্যাচ ম্যানেজমেন্ট ঠিক রাখা জরুরি। বল নিরাপদে রাখা আর ঝুঁকি কমানোর নির্দেশনা দলকে দেওয়া হয়েছিল কি না, প্রশ্ন উঠছে। ড্র হলেও অন্তত অতিরিক্ত সময় মিলত। গোল হজমের পরও দল সামনে পাস দেওয়ার চেয়ে ব্যাকপাসেই বেশি মন দিয়েছে। ভারতের কাছে হেরে পাকিস্তান কোচ সোলানো দল বদলেছেন, শক্তি বাড়িয়েছেন। অন্যদিকে ডুলির প্রস্তুতি দেখে মনে হয়েছে, শ্রীলঙ্কাকে ৪-০ হারানোর আত্মবিশ্বাসই ছিল একমাত্র সম্বল। নকআউটে না জিতলে গ্রুপ ম্যাচের দাদাগিরি কাজে লাগে না। আক্রমণভাগে বিকল্পের অভাবও প্রকট। ব্লক ভাঙার মতো নির্ভরযোগ্য ফিনিশার নেই বলে গোলের চাপ গিয়ে পড়েছে হামজা ও সামিতের কাঁধে। বড় ম্যাচে তারকার কাছে মাঠের ফুটবল একটি বিশেষ মুহূর্ত চায়, সেই মুহূর্ত আসেনি। ম্যাচ শেষে সবাই বলির পাঁঠা হিসেবে গোলকিপার শ্রাবণকে বেছে নিয়েছেন। ৮৬ মিনিটে তাঁর থ্রো গিয়ে পড়ে প্রতিপক্ষের পায়ে। সেখান থেকে বদলি হায়ান খাট্টাকের পাস এবং আব্দুল সামাদ শাহজাদ আরশাদের দারুণ ফিনিশিংয়ে গোল। থ্রোর ভুলটা গোলরক্ষকের, অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেই ভুল থ্রো গিয়ে পড়ে গোলপোস্ট থেকে প্রায় ৪০ গজ দূরে দাঁড়ানো পাকিস্তানি খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে হায়ান খাট্টাকের পাসে বল পেয়ে বাংলাদেশের ডি বক্সের ভেতরে ডিফেন্ডার জিদান ইউসুফকে কাটিয়ে আরশাদের গোল—পুরোটা সময় লেগেছে ছয় সেকেন্ড। এই ছয় সেকেন্ডে দলের ডিফেন্ডাররা কেন সংগঠিত হতে পারলেন না, সেই প্রশ্নও উঠছে। বল যখন হায়ান খাট্টাকের কাছে যায়, তখন বাংলাদেশের ডি বক্সে দাঁড়ানো তিনজন খেলোয়াড় কী নিয়ে আলাপ করছিলেন, তাও খতিয়ে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সূত্র: Daily Amar Desh