সাউথ আফ্রিকার কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সাউথ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এই সফর, এরপর খেলা হবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। আসন্ন সিরিজে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশটির কন্ডিশন। দলের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন অবশ্য মনে করছেন, নাজমুল হোসেন শান্তরা দ্রুতই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবেন।
শুক্রবার দলের অনুশীলন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বেনকেনস্টেইন এসব কথা জানান। সাউথ আফ্রিকার কন্ডিশনে শান্তদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে তিনি মনে করছেন। তিনি বলেন, ‘স্পষ্টতই এটি তাদের জন্য খুব দ্রুত একটি পরিবর্তন, তবে ভালো দিক হলো তারা সরাসরি টেস্ট ক্রিকেট খেলে আসছে। অবশ্যই এই কন্ডিশনগুলোর সাথে মানিয়ে নেওয়াটা… আপনি জানেন, এর প্রমাণ অবশ্যই শনিবার মাঠেই পাওয়া যাবে। তবে হ্যাঁ, এখন পর্যন্ত আমি যা দেখেছি তাতে তারা যে পরিশ্রম করছে, এটি অত্যন্ত প্রতিভাবান একটি ব্যাটিং গ্রুপ। টেকনিক্যালি খুবই নিখুঁত, তবে আমি যেমনটা বললাম, আসল পরীক্ষা হবে আমরা এই কন্ডিশনের সাথে কীভাবে এবং কত দ্রুত মানিয়ে নিতে পারি।’
অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সাউথ আফ্রিকায় আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন প্রোটিয়া এই ব্যাটিং কোচ। তার ভাষ্যে, ‘আমার মনে হয় তারা অস্ট্রেলিয়ায় দারুণ একটি সফর শেষ করে এসেছে, যেখানকার কন্ডিশন সাউথ আফ্রিকার মতোই। তাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে যে তারা মানিয়ে নিতে পারবে।’
বাংলাদেশ দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন বেনকেনস্টেইন। তিনি জানান, ‘এখন পর্যন্ত দারুণ কাটছে। এটি একটি চমৎকার অভিজ্ঞতা। কাজ করার জন্য দুর্দান্ত একটি দল। তারা আমাকে সাদরে গ্রহণ করেছে। হ্যাঁ, সামনের চ্যালেঞ্জগুলোর জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। আমরা সবাই জানি যে বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা সহজ হবে না। তবে আমার মনে হয় তারা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত এবং হ্যাঁ, আমি এর অপেক্ষায় আছি।’
সূত্র: Channel i