ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইউরোপ ও প্রবাস

মাইক্রোসফট সেবায় বিশ্বব্যাপী বিভ্রাট, বাংলাদেশেও আউটলুক-টিমস বন্ধ

মাইক্রোসফট সেবায় বিশ্বব্যাপী বিভ্রাট, বাংলাদেশেও আউটলুক-টিমস বন্ধ
অনলাইন ডেস্ক: মাইক্রোসফটের ই-মেইল সেবা আউটলুক, ভিডিও সম্মেলনের সফটওয়্যার মাইক্রোসফট টিমস ও ওয়ার্ড ৩৬৫ অনলাইনে ব্যবহার করা যাচ্ছে না বাংলাদেশে। বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিট (বাংলাদেশ সময়) থেকে শুরু হওয়া এই কারিগরি বিভ্রাট ১৪ ঘণ্টার বেশি সময় ধরে চলছে। এতে দেশের একাধিক করপোরেট প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক একটি গবেষণা সংস্থার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাত থেকে মাইক্রোসফট আউটলুক ব্যবহার করতে পারছি না। আজ শুক্রবার অফিস বন্ধ হলেও অনলাইনে আমাদের সব কাজ বন্ধ হয়ে গেছে।’ শুক্রবার সকাল থেকেও দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোর আউটলুক ব্যবহারকারীরা ই-মেইল সেবা পাচ্ছেন না। ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণ করা ডাউনডিটেক্টরের তথ্যমতে, বিশ্বব্যাপী বিপর্যয় শুরুর প্রায় এক ঘণ্টার মধ্যে ৭৪টি দেশে মাইক্রোসফটের বড় ধরনের বিভ্রাট ছড়িয়ে পড়ে। এখনো বিশ্বের বিভিন্ন অঞ্চলে মাইক্রোসফটের সেবা স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্রের কিছু প্রতিষ্ঠানের কর্মীরা অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যান। অস্ট্রেলিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান বিলের ইনভয়েস প্রিন্ট করতে পারেনি, কিছু স্কুল অনলাইন ক্লাস পরিচালনায় ব্যর্থ হয়। ইউরোপেও বিভ্রাটের প্রভাব পড়েছে। মাইক্রোসফট প্রথমে জানায়, সমস্যা সমাধানে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। কয়েক ঘণ্টা পর প্রতিষ্ঠানটি জানায়, সমাধান স্থায়ীভাবে করা সম্ভব হয়নি। তবে কোনো সাইবার হামলার কারণে এই বিভ্রাট হয়নি বলে জানিয়েছে মাইক্রোসফট। বিভ্রাটের সুযোগে প্রতারণার আশঙ্কায় বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের সতর্কবার্তা পাঠিয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিঙ্গাপুর কার্যালয় সামাজিক মাধ্যমে গ্রাহকদের সতর্ক থাকার ও নিজের সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। আইএনজি অস্ট্রেলিয়া জানিয়েছে, স্ক্যামাররা মাইক্রোসফট বা অন্যান্য সিস্টেমের সমস্যা সমাধানের কথা বলে যোগাযোগ করতে পারে; নিশ্চিত না হয়ে কাউকে যন্ত্রের নিয়ন্ত্রণ দিতে নিষেধ করেছে প্রতিষ্ঠানটি। ব্যাংক অব কুইন্সল্যান্ড জানায়, প্রতারকরা ব্যক্তিগত তথ্য বা ওয়ান টাইম পাসওয়ার্ড চাইতে পারে; সন্দেহজনক ফোনকল না ধরার পাশাপাশি অজানা উৎসের লিংকে ক্লিক বা অ্যাটাচমেন্ট ওপেন না করার পরামর্শ দিয়েছে তারা। মাইক্রোসফট জানিয়েছে, প্রকৌশলীরা সমস্যা সমাধানে কাজ করছেন। ব্যবহারকারীদের ধৈর্য ধারণের অনুরোধ করা হলেও পরিস্থিতি কখন পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি প্রতিষ্ঠানটি। সূত্র: Ittefaq, Prothom Alo