ব্যাংকিং খাতে ঋণ ও জামানত ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিনের বিরুদ্ধে শতকোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে, পরস্পর যোগসাজশ, জালজালিয়াতি ও প্রতারণার মাধ্যমে মর্টগেজ রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাৎ করা হয়েছে।
দুদক সূত্র ও সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখতে কমিশনের সহকারী পরিচালক বিষাণ যোষকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এ ঘটনায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নম্বর ০২-এ মামলা দায়ের করেন। মামলার স্মারক নম্বর ৩৭০৬ (তারিখ ১৮ জুন ২০২৬) এবং সিআর মামলা নম্বর ৮৮৬/২৬ (গুলশান)। আদালত থেকে গত ৯ আগস্ট অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। এরপর গত ২৭ সেপ্টেম্বর দুদক আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে। দুদক আইন, ২০০৪ এবং দুদক বিধিমালা, ২০০৭-এর বিধান অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে। অনুসন্ধান চলাকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ করা কিংবা সম্পদ বা সম্পত্তি ক্রোক করা হলে তা লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে অবহিত করার নির্দেশনাও রয়েছে।
দুদকের অনুসন্ধানের খবর জানাজানি হওয়ার পর মাসরুর আরেফিনের বিদেশযাত্রা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। একটি মহল থেকে অভিযোগ তোলা হয়, অনুসন্ধানের মুখে তিনি দেশ ছাড়ছেন।
অন্যদিকে, রোববারের আগেই দুদক তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে শেষ পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কি না, সে বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
মাসরুর আরেফিন ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সম্প্রতি আরও তিন বছরের মেয়াদে পুনর্নিয়োগ পেয়েছেন। তবে শীর্ষ এই ব্যাংকারের কর্মজীবন নিয়ে আগেও নানা আলোচনা-সমালোচনা হয়েছে। প্রায় পাঁচ বছর আগে গুলশানের একটি ক্লাবকে কেন্দ্র করে সৃষ্ট নারীঘটিত বিতর্কেও তার নাম জড়িয়েছিল বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য : বাংলা গার্ডিয়ানের অনুসন্ধানী দল আরও গভীর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট নথিপত্র, তথ্যপ্রমাণ ও বিভিন্ন সূত্রের বক্তব্য যাচাইয়ের কাজ অব্যাহত রয়েছে। অনুসন্ধানে প্রাপ্ত নতুন তথ্য ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খুব শিগগিরই প্রকাশিত হবে অনুসন্ধানী প্রতিবেদনের বাকি পর্ব।
