ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইনভেস্টিগেশন

বিআইডব্লিউটিএর প্রকৌশলী মজনু মিয়ার বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ

বাংলা গার্ডিয়ান অনুসন্ধানী প্রতিবেদন : সেনা মালঞ্চে কোটি টাকার বিয়ে নিয়ে প্রশ্ন

বিআইডব্লিউটিএর প্রকৌশলী মজনু মিয়ার বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন) মো. মজনু মিয়ার বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ড্রেজার পরিচালনা ও জ্বালানি খাতে অর্থ লোপাট এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে ঢাকার সেনা মালঞ্চে প্রায় কোটি টাকা ব্যয়ে ছেলের বিয়ের আয়োজন ঘিরেও তাঁর আয়ের উৎস ও সম্পদের বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিআইডব্লিউটিএর ড্রেজিং খাতের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে মজনু মিয়ার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। এর মধ্যে ড্রেজার বেইস পরিচালনা, জ্বালানি ব্যবহার, মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় বৃদ্ধি এবং ক্রয় ও পদায়ন প্রক্রিয়ায় বিধি লঙ্ঘনের অভিযোগ উল্লেখযোগ্য।
মাওয়া ও নারায়ণগঞ্জ ড্রেজার বেইসে দায়িত্ব পালনকালে ড্রেজারের জ্বালানি ব্যবহার ও পরিচালন ব্যয়ে প্রকৃত খরচের তুলনায় বেশি ব্যয় দেখানোর অভিযোগ রয়েছে। এছাড়া ড্রেজার স্থানান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম বা পাইপ পাঠাতে সমন্বয়হীনতার কারণে অতিরিক্ত জ্বালানি খরচ হওয়ার ঘটনাও সংবাদমাধ্যমে উঠে এসেছে। সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের মতে, ড্রেজিং কার্যক্রমে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় তদারকিতে স্বচ্ছতা ও ডিজিটাল নজরদারি জোরদার করা জরুরি।
৩৫টি ড্রেজার ও সহায়ক জলযান নির্মাণ প্রকল্পের আওতায় হাউজবোট ক্রয়সংক্রান্ত দরপত্র মূল্যায়ন কমিটি গঠন এবং নদী খনন ও পলি অপসারণ প্রকল্পে প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে বিধি লঙ্ঘনের অভিযোগও অতীতে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা ও তদন্তের দাবি উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে,  সম্প্রতি  সেনা মালঞ্চে প্রায় কোটি টাকা খরচে ছেলের বিয়ের আয়োজন করেছেন  মজনু মিয়া। পাশাপাশি দুর্নীতির মাধ্যমে ফ্ল্যাট, গাড়ি ও বাড়িসহ বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের কথা জানিয়ে বাংলা গার্ডিয়ান ইনভেস্টিগেটিভ টিমের পক্ষ থেকে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়। তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি এবং পাঠানো মেসেজেরও কোনো উত্তর দেননি।
এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও বিভিন্ন অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত তথ্য সামনে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


বিঃদ্রঃ প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তদন্তসাপেক্ষে চূড়ান্ত সত্যতা নিরূপণ ও সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।