ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইনভেস্টিগেশন

বিআইডব্লিউটিএর আরিচা ড্রেজার বেইজে তেল কারসাজি ও ঠিকাদারি সিন্ডিকেটের মহোৎসব

নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অনুসন্ধান

বিআইডব্লিউটিএর আরিচা ড্রেজার বেইজে তেল কারসাজি ও ঠিকাদারি সিন্ডিকেটের মহোৎসব

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা ড্রেজার বেইজকে ঘিরে জ্বালানি তেল কারসাজি, ভুয়া মেরামত বিল, ঠিকাদারি সিন্ডিকেট এবং কমিশন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলা গার্ডিয়ানের নিজস্ব অনুসন্ধানে। এসব অনিয়মের মূল কেন্দ্রে রয়েছেন বেইজের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ। সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা ও মাঠে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, সরকারি অর্থ আত্মসাৎ, নির্দিষ্ট ঠিকাদারি বলয় তৈরি এবং প্রকল্পের কাজ আংশিক বা নামমাত্র করে পুরো বিল পরিশোধের মাধ্যমে গড়ে তোলা হয়েছে দুর্নীতির এক শক্তিশালী নেটওয়ার্ক।


তেল চুরি ও মেরামতের নামে লুটপাট: 
বাংলা গার্ডিয়ানের অনুসন্ধানে জানা যায়, আরিচা ড্রেজার বেইজে ড্রেজার পরিচালনার জন্য বরাদ্দকৃত জ্বালানি তেলের কাগজে-কলমে হিসাবের সাথে বাস্তব ব্যবহারের বিস্তর ফারাক রয়েছে। তেলের সরবরাহ, সংরক্ষণ ও ড্রেজারের লগবুকে কারসাজি করে বিপুল পরিমাণ তেল বাইরে বিক্রি ও অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে।
এ ছাড়া ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি মেরামতের নামে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয় দেখানো হলেও বাস্তবে তার সিকিভাগ কাজও হয় না। অনুসন্ধানে দেখা গেছে, নামমাত্র মেরামত ও পুরোনো যন্ত্রাংশ রং করে নতুন দেখিয়ে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি কোষাগারের অর্থ লোপাট করা হচ্ছে।


সিন্ডিকেট ও ৪ থেকে ১০ শতাংশ কমিশন বাণিজ্য: 
অনুসন্ধান বলছে, বেইজের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজগুলো ঘুরেফিরে একটি নির্দিষ্ট ঠিকাদারি সিন্ডিকেটের হাতেই দেওয়া হয়। পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে চলে প্রকাশ্য কমিশন বাণিজ্য। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাধারণ কাজে ৪ শতাংশ এবং বিশেষ প্রকল্পে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ঘুষ বা কমিশন আদায় করা হয়। এমনকি ১০ থেকে ১৫ লাখ টাকার ছোট ও মাঝারি টেন্ডারগুলোতেও ঠিকাদারদের কাছ থেকে কৌশলে আড়াই থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছে ইনভেস্টিগেশন টিম। কাজ শেষ না করেই আংশিক কাজের বিপরীতে পূর্ণ বিল ছাড় করার নজিরও মিলেছে।


১৪ বছরেই অঢেল সম্পদ, ঢাকায় একাধিক ফ্ল্যাট-প্লট: 
২০১০ সালে সরকারি চাকরিতে যোগদান করেন নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ। অনুসন্ধানে জানা গেছে, মাত্র এক যুগের কিছু বেশি সময়ের চাকরিজীবনে তিনি নামে-বেনামে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। রাজধানী ঢাকায় তাঁর একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও মূল্যবান প্লট রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। একজন সরকারি কর্মকর্তার বৈধ আয়ের সাথে এই বিপুল পরিমাণ সম্পদের কোনো সামঞ্জস্য নেই। তাঁর আয়কর নথি ও ঘোষিত সম্পদের বিবরণী খতিয়ে দেখলে থলের বিড়াল বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য:  
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের সাথে যোগাযোগ করে বাংলা গার্ডিয়ানের ইনভেস্টিগেশন টিম। ঠিকাদারি সিন্ডিকেটের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো দাবি করেন, "আমি ঠিকাদারদের সবাইকে খুশি করতে পারি না। গুটিকয়েক ঠিকাদার কীভাবে কাজ পায় তা আমার জানা নেই। সামনে আমার প্রমোশন হবে, তাই তা ঠেকাতে একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে।"
ড্রেজিং খাতে মেরামতের অনিয়ম ও ৫ থেকে ১০ শতাংশ কমিশন গ্রহণের সুনির্দিষ্ট তথ্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। এক পর্যায়ে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “এসব তো আর আমি একা পাই না।” কাজ না করেই ঠিকাদারদের বিল উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে তা অস্বীকার করেন। তবে সুনির্দিষ্ট টেন্ডারের অনিয়মের তথ্য তুলে ধরলে তিনি  বলেন, "আপনি তদন্ত করেন, তারপরে যা ইচ্ছা তাই লেখেন। আমি এর সাথে জড়িত নই।"

বিআইডব্লিউটিএর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এমন অনিয়ম নৌপথ সচল রাখার কার্যক্রমকে চরম ঝুঁকিতে ফেলছে। সচেতন মহল ও সংশ্লিষ্টদের দাবি—আরিচা ড্রেজার বেইজের গত কয়েক বছরের তেল ক্রয়ের হিসাব, ড্রেজারের লগবুক, মেরামতের বিল-ভাউচার এবং নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের সম্পদের উৎস খতিয়ে দেখতে অবিলম্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হোক।


(আগামী পর্বে থাকছে নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের ঢাকাস্থ সম্পদ ও ঠিকাদারি সিন্ডিকেটের গোপন নথিপত্রসহ সচিত্র অনুসন্ধানী প্রতিবেদন...)