শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
বিনোদন

নারী পুলিশ চরিত্র নিয়ে যা বললেন কারিনা কাপুর

শেয়ার Facebook X LinkedIn WhatsApp Telegram Email
নারী পুলিশ চরিত্র নিয়ে যা বললেন কারিনা কাপুর

বলিউডের সিনেমায় পুলিশের চরিত্রে অনেক অভিনেত্রীকে দেখা গেছে। তবে এসব চরিত্রের বেশির ভাগই পুরুষালি অবয়বে উপস্থাপন করা হয়েছে বলে মনে করেন অভিনেত্রী কারিনা কাপুর। তার মতে, নারী পুলিশ মানেই হাতে বন্দুক, মারপিট কিংবা পুরুষের মতো চালচলন-এমন ধারণা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন কারিনা। ছবিটির প্রচার অনুষ্ঠানে সম্প্রতি নারী পুলিশ চরিত্রের প্রচলিত উপস্থাপনা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি। কারিনা বলেন, ‘আমাদের মনে পুলিশের একটি বাঁধাধরা ছবি রয়েছে। মহিলা পুলিশ মানেই তাকে পুরুষালি হতে হবে, তার হাঁটাচলায় পুরুষের ছাপ থাকবে, হাতে বন্দুক থাকবে, তাকে দিয়ে অনেক লড়াইয়ের দৃশ্য করানো হবে।’

অভিনেত্রীর মতে, ‘দায়রা’ ছবিতে তার চরিত্রটি সেই প্রচলিত ধারণার বাইরে। ছবিতে অজুনী নামের এক নারী পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রটি যেমন কঠোর, তেমনি তার মধ্যে একজন নারীর স্বাভাবিক বৈশিষ্ট্যও রয়েছে।

পরিচালক মেঘনা গুলজারের ভাবনা তুলে ধরে কারিনা আরও বলেন, ‘তিনি এমন একজন মহিলাকে চেয়েছিলেন, যিনি একজন নারীর মতোই থাকবেন, যার মধ্যে নারীসুলভ আচরণ থাকবে। তিনি লিপস্টিক পরবেন, আবার একই সঙ্গে যথেষ্ট কঠোরও হবেন। সব কিছু হাসিমুখে সামলাবেন।’

অজুনী চরিত্রটি নিজের জন্যও বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানান কারিনা। তার ভাষায়, ‘অজুনীর চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া আমার জন্যও কঠিন ছিল। কারণ এখানে সব সময় একটা দ্বন্দ্ব রয়েছে। একজন পরিচালক হিসেবে মেঘনাও লেখার সময়ে নিশ্চয়ই এই দ্বন্দ্ব অনুভব করেছেন।’

নিজের জীবনদর্শনের সঙ্গে অজুনীর চরিত্রের পার্থক্যের কথাও তুলে ধরেন অভিনেত্রী। কারিনা বলেন, ‘আমি জীবনে সব সময় সোজা পথে চলি। আমি বিশ্বাস করতে পছন্দ করি যে জীবন হয় সাদা, নয়তো কালো। কিন্তু এই ছবিতে সবটাই ধূসর। এটা নিশ্চিত।’ এদিকে অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনা কিংবা প্রযোজনায় আসবেন কি না, সে বিষয়েও কারিনাকে প্রশ্ন করা হয়। তবে আপাতত অভিনয়ের বাইরে অন্য কোনো কাজে যাওয়ার আগ্রহ নেই বলে স্পষ্ট করেছেন অভিনেত্রী।

কারিনার কথায়, ‘আমি সব সময়েই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চেয়েছি। অভিনয় করতে আমি ভালোবাসি। প্রযোজনা বা পরিচালনার মতো অন্য কোনো বিষয়ে আমার আগ্রহ নেই। অভিনয়ই একমাত্র কাজ, যেটা আমি উপভোগ করি। তাই সব সময় নতুন কিছু করার বা নতুন ধরনের চরিত্র খোঁজার চেষ্টা করি।’

মেঘনা গুলজারের ‘দায়রা’য় কারিনার অজুনী চরিত্রটি নারী পুলিশের প্রচলিত উপস্থাপনার বাইরে গিয়ে তৈরি করা হয়েছে। ফলে ছবিতে তার অভিনয় ও চরিত্রটি দর্শকদের মধ্যে কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

শেয়ার Facebook X LinkedIn WhatsApp Telegram Email